09/03/2023
হতে পারে আপনি বিশ্বের সবচাইতে খারাপ ব্যক্তিদের মধ্যে একজন!
আপনি প্রেম করেছেন, যিনা করেছেন, মদ খেয়েছেন, মাতাল হয়েছেন; সর্বোপরি এমন কোন পাপ নেই যেটা আপনি বাদ রেখেছেন!
এতকিছু করার পরেও আপনি কি জানেন, আল্লাহ চাইলে আপনার ছোট্ট কোন ভালো কাজ আল্লাহ পছন্দ করে আপনার বাকী সব গুনাহ, সব পাপ মাফ করে দিতে পারেন?
একশত জন মানুষ হত্যার পর ও আল্লাহ আযযা ওয়া যাল তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কারন সেই ব্যক্তি আন্তরিকভাবেই তাওবাহ করতে চেয়েছিল, আল্লাহর কাছে ফিরতে চেয়েছিল, তার পাপের জন্য মন থেকে অনুতপ্ত হয়েছিল। এজন্যই আল্লাহ তাকে তাঁর রহমতের চাদরে আশ্রয় দিয়ে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। (বুখারী:৩৪৭০, মুসলিম:২৭৬৬)
ব্যভিচারী মহিলা পিপাসায় কাতর একটা কুকুরকে পানি পান করিয়ে নাজাত পেয়েছিল। (মুসলিম:৫৭৫৩)
এক ব্যক্তি রাস্তা থেকে জাস্ট কাঁটাযুক্ত গাছের ডাল সরিয়ে দেওয়ার কারনে জান্নাত লাভ করেছে। (মুসলিম:৪৮৩৪)
হাদিসে এসেছে, ''একজন ব্যক্তিকে হাশরের দিন আল্লাহ ডাকবেন যার একটি নেক আমলের বিনিময়ে নিরানব্বইটা পাপের আমল মাফ করে দিবেন।''
সুবহানআল্লাহ!
এজন্য ভাই-বোনেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আমরা কেউ জানিনা আল্লাহ আমাদের কোন ছোট্ট আমল কবুল করবেন, পছন্দ করবেন আর এর বিনিময়ে হয়তো আমাদের ক্ষমাও করে দিবেন!
এ জন্যই যতবড় গুনাহই করবেন, হতাশ হবেন না। বরং লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, কাঁদবেন, ভুল স্বীকার করবেন। দ্বিতীয় বার একই গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হবেন। মানুষ আপনার ভালো কাজ গুলো ভুলে গেলে ও খারাপ কাজ গুলো ঠিকই মনে রাখে। কিন্তু আমাদের রব-আল্লাহ্, আমাদের খারাপ কাজ গুলো ক্ষমা করে দিয়ে আমাদের ভালো কাজ (তাওবাহ) মনে রাখেন।
কারণ আল্লাহর ক্ষমার কোন কূল কিনারা নেই। তাঁর ক্ষমা অসীম! মনে রাখবেন, আপনার গুনাহ পাহাড়সম বড় হলে তাঁর ক্ষমা, মাগফিরাত আকাশের সমান বিশাল।
চলুন তাওবা করি, তাওবাই একমাত্র গুনাহ মাফ করে নেওয়ার মাধ্যম। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা করুন।